০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে ধার ফেরত চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যার অ‌ভি‌যোগ

সপ্তাহখানেক আগে গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয় তার বন্ধু তপন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 08:21 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

মাদারীপুরে ধারের ৫০০ টাকা ফেরত চাওয়ায় মিষ্টি দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। 

শনিবার বিকাল ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্র পুরাণবাজারের স্বর্ণকারপট্টীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আল মামুন।

নিহত গৌতম বসু (৩৫) সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছোট ছেলে। তিনি পুরাণবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করেন। 

তার বন্ধু তপন সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের শ্রী স্বনন্দের ছেলে। তিনি রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মামুন বলেন, সপ্তাহখানেক আগে তপন তার বন্ধু গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। শনিবার সকালে এই ধারের টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে তপন। পরে বিকালে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে তপনের বিরুদ্ধে। গৌতমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় তপন। 

পরে গুরুতর আহত অবস্থায় গৌতমকে জেলা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।   

এছাড়া ঘটনার পর থেকে তপন পলাতক, তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।