মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার
আব্দুর রাজ্জাক নামে এক শ্রমিক ডাইয়ার বিলের জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় তিনি মরদেহ ভাসতে দেখেন।
মাদারীপুরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী শ্রমিকের ভাসমান মরদেহ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিলের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারীপুরে ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ।
নিহত রুদ্র দাস (৪৫) উপজেলার ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে। বাকপ্রতিবন্ধী রুদ্র দাস দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।
পুলিশ জানায়, শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাতে আর ফিরে আসেননি।
রোববার সকালে আব্দুর রাজ্জাক নামে এক শ্রমিক ডাইয়ার বিলের জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় তিনি একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ মরদেহটি উদ্ধারের পর তা রুদ্র দাসের বলে চিহ্নিত করেন স্বজনরা।
ওসি সোলায়মান মাহমুদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
