Published : 15 Jul 2026, 11:37 PM
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্যাকবলিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছে বিজিবি। এর পাশাপাশি বন্যার্ত মানুষকে রান্না করা খাবারও পরিবেশন করা হয়েছে।
উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দিনব্যাপী মানুষকে চিকিৎসা সেবা দেন বিজিবি-৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের চিকিৎসকরা।
বিজিবি জানায়, দুজন নারী ও দুজন পুরুষ বিশেষজ্ঞ চিকিৎসক সীমান্তের বেশ কয়েকটি গ্রামের প্রায় সাড়ে ৪০০ মানুষকে চিকিৎসা দেন।

পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এ ছাড়া ১০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় বিজিবি-৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করে না, মানবিক দায়িত্ববোধ থেকেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। বন্যায় অনেক মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাদের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, বন্যার কারণে অনেক এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও খাবার বিতরণ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।