১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

থানা হাজতে ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও, ২ পুলিশ প্রত্যাহার

ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণকে বক্তব্য দেওয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 07:58 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতে বসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ভিডিও করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বিকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে ফতুল্লা মডেল থানার এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ফতুল্লা থানা হাজতে থাকা ১০ কিশোর ও তরুণের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ‘আজমেরী ওসমান’ নামে একটি ফেইসবুক পেইজে পোস্ট করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে প্রধান সড়ক থেকে ওই ১০ জনকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছিল বলে জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য, আটকরা আজমেরী ওসমানের পক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আজমেরী ওসমান বর্তমানে পলাতক রয়েছেন। 

ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণকে বক্তব্য দেওয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। পরে অন্যরাও একই স্লোগান দেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, “হাজতখানায় থাকা অবস্থায় পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য এসআই মনিরুল ইসলাম আটক ব্যক্তিদের মোবাইল ব্যবহারের সুযোগ দিয়েছিলেন। ওই সুযোগে তারা স্লোগান দিয়ে ভিডিও ধারণ করেন এবং পরে তা ফেইসবুকে ছড়িয়ে দেন।”

তিনি বলেন, “নিয়ম অনুযায়ী আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়টি পুলিশকে নিশ্চিত করতে হয়। সরল বিশ্বাসে মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়ার পরই ঘটনাটি ঘটে।”

আরও পড়ুন: 

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিতে ধরা পড়ে হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল