কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি: ফের খোলা হল ১৬ জলকপাট
এর আগে গত ২৯ অগাস্ট কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল।
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের ১৬টি জলকপাট ফের ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে গেটগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে বলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানিয়েছেন।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৪৯ ফুট এমএসএল। এই পানি দিয়ে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই বাঁধে সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল পর্যন্ত পানি ধারণ করা যায়। তবে পানির উচ্চতা ১০৮ ফুটে পৌঁছালে তা বিপৎসীমা হিসেবে ধরা হয়।
কেন্দ্রটির ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, “কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়ায় আবারও ১৬টি জলকপাট দিয়ে ছয় ইঞ্চি উচ্চতায় পানি ছাড়া হয়েছে। পানির প্রবাহ আরও বাড়লে গেইটগুলো ছয় ইঞ্চির চেয়ে আরও বেশি করে খোলা হতে পারে।”
এর আগে গত ২৯ অগাস্ট কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। পরে ৬ সেপ্টেম্বর লেকের পানির উচ্চতা কমে গেলে গেইটগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
পুরানো খবর:
