১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

শনিবার ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 08:23 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে।

ইমাম মুফতী মো. শামছুদ্দিন শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম।   

শনিবার জোহরের নামাজের পরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নামেন শামছুদ্দিন।

রোববার দুপুরে ঘটনাস্থল থেকে পূর্বদিকে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তা উদ্ধার করা হয় বলে চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন।

মৃত ৩৪ বছর বয়সী শামছুদ্দিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির ইমাম হোসেন মজুমদারের ছেলে।

আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান গাজী বলেন, “শনিবার ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। আছরের আগ সময়ে তিনি না আসায় নদীর পাড়ে গিয়ে ইমামকে খোঁজ করেন এতিমখানার বাবুর্চি ইলিয়াছ।

“সেখানে গিয়ে দেখেন নদীর পাড়ে উনার জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। পরে এতিমখানার ছাত্রদের সঙ্গে নিয়ে গিয়ে সেখানে খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানান বাবুর্চি।”

চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনিবার ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে।

“রোববার দুপুরে স্থানীয়রা ঘটনাস্থল এলাকার একটু পূর্বদিকে ইমামের মরদেহ নদীতে ভাসতে দেখে। পরে মরদহ উদ্ধার করে এতিমখানা নিয়ে যাওয়া হয়।” 

আব্দুর রহমান গাজী বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ইমামের নামাজে জানাজা এতিমখানার সামনে অনুষ্ঠিত হয় এবং পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।”

এই ঘটনায় ইমাম পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।