১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে উপকূলের মানুষ: তথ্যমন্ত্রী

“প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 04:25 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

তিনি বলেছেন, বৃষ্টিপাত, তাপমাত্রা, রোদের তীব্রতা ও সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতায় পরিবর্তন জলবায়ু পরিবর্তনের সুস্পষ্ট প্রভাবেরই প্রতিফলন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

রোববার নগরীর বেলস পার্ক মাঠে বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপন অভিযান ও মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেছেন, “জলবায়ু পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো বেশি ঝুঁকিতে থাকবে। এ সমস্যা মোকাবিলায় বৈশ্বিকভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।”

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার জন্য আমরা জানি, জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিবর্তিত হচ্ছে। 

“বাংলাদেশে যেসব এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকবে, তার মধ্যে উপকূলীয় অঞ্চল অন্যতম। সাগরপাড়ের এসব এলাকার জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকবে।”

তথ্যমন্ত্রী এ সময় বন বিভাগের যেকোনো উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি বৃক্ষায়ন ও সবুজায়নের গুরুত্ব সবাইকে অনুধাবন করার আহ্বান জানান তিনি।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জ্বালানি ব্যবহারে সচেতনতা জরুরি জানিয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা সচেতন না হলে তাপমাত্রা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এই গ্রহকে মানুষের বসবাসের উপযোগী রাখতে সবাইকে সচেতন হতে হবে।”

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ ৫ বছরে ২৫ কোটি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ ৷ প্রতি বছর ৫ কোটি করে বৃক্ষ রোপন করা হবে। তার 

লক্ষেই সারাদেশে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।”

পরে মন্ত্রী বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন।

বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা।

মেলায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।