১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষ, বাবা-মা-ছেলেসহ নিহত ৫

শ্রীপুরের মাওনার দিকে যাওয়ার পথে একটি কভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

গাজীপুরে কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষ, বাবা-মা-ছেলেসহ নিহত ৫
গাজীপুরের কালিয়াকৈরে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাবা, মা ও ছেলেসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার বড়চালা এলাকায় কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান। 

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বর ঘাট গ্রামের ছাবেদ আলী প্রামাণিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন নাহার (৩০) ও তাদের ১২ বছরের ছেলে মো. হুরাইরা, গাজীপুরের মাওনার কেউরা এলাকার প্রয়াত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫) এবং অটোরিকশা চালক মেহেদী। 

জাহিদুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব গ্রামে নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আব্দুল মান্নান বলেন, কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে একটি কভার্ড ভ্যান শ্রীপুর উপজেলার মাওনার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় কভার্ড ভ্যানটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী জাহিদুল ও শফিকুল মারা যান। গুরুতর আহত হন আরও তিন যাত্রী।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জাহিদুল ইসলামের স্ত্রী ও ছেলে এবং অটোরিকশা চালক মেহেদী মারা যান। 

স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন বলেন, “কালিয়াকৈর-মাওনা সড়কটিতে অনেক আঁকাবাঁকা স্থান থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে এই সড়কে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে।”

 কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ সুরুজ উজ জামান বলেন, “দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”