১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রকল্পের ৫২ লাখ টাকা ‘আত্মসাত’, নরসিংদীতে ২ কর্মচারী গ্রেপ্তার

শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা থানায় অভিযোগ দিয়েছেন।

প্রকল্পের ৫২ লাখ টাকা ‘আত্মসাত’, নরসিংদীতে ২ কর্মচারী গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 05:53 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

নরসিংদীর শিবপুর উপজেলায় অর্থ আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা পিআইও কার্যালয় থেকে সোমবার গভীর রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয় বলে শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন জানান।

পরে তাদের কাছ থেকে কাবিখা ও টিআর বিল জালিয়াতির ৫২ লাখ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য-সহকারী (প্রজেক্ট) আরিফুল ইসলাম তুহিন (৩৫) এবং অফিস সহকারী (পিয়ন-আউটসোর্সিং) আশিক ভূইয়া (২৫)। তুহিন শিবপুর উপজেলা সদরের মো. হোসেন আলীর ছেলে এবং আশিক ভূইয়া একই উপজেলার খড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে।

এ ঘটনায় শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এতে বলা হয়েছে, উপজেলার পিআইও কার্যালয় থেকে ২০২৪-২৫ অর্থবছরে কাবিখা ও টিআর প্রকল্পের ১৯১টি বিল হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দেওয়া হয়। কিন্তু বাজেট না থাকায় এর মধ্যে ৮১টি বিল ২৬ জুন প্রত্যাখ্যাত হয়।

বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই এর দৃষ্টিগোচর হলে তারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গোপনে অনুসন্ধান চালায়। এতে ওই দুই কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে উত্তোলনের প্রমাণ মেলে। 

তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৮১টি বিলের ৫২ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করে নিজেদের ব্যাংক হিসেবে নিয়ে জমা করেছিলেন।

এসব তথ্য শিবপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে উপস্থাপন করা হলে জেলা প্রশাসকের নির্দেশে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদের পর তারা ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দেয়।

শিবপুর থানার ওসি আফজাল হোসাইন বলেন, “এ ঘটনার মূল হোতা তুহিন। মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”