১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে’ সাইবার অ্যাটাক করছে বিএনপি: পরওয়ার

“বিএনপি এখন বলে, আমরা সব করে দেব। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড- ‘ভুয়া’ সব। ভুয়ার তো একটা লিমিট আছে।”

‘বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে’ সাইবার অ্যাটাক করছে বিএনপি: পরওয়ার
নারায়ণগঞ্জের শিমরাইলে ট্রাক স্ট্যান্ডে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 05:14 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নেপথ্যে বিএনপি ও ভারতকে দোষারোপ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, “আমরা মনে করি, বিএনপি ‘বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে’ জামায়াতে ইসলামীর ইমেজ ধ্বংস করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে।”

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের শিমরাইলে ট্রাক স্ট্যান্ডে দলটির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় দলটির জেলা ও মহানগরের নেতাদের পাশাপাশি জোটের পাঁচটি আসনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ জনসভায় গোলাম পরওয়ার বলেন, “অপপ্রচার, হুমকি, সন্ত্রাস দিয়ে যখন আর পেরে উঠছে না, ওরা এখন জামায়াতে ইসলামীর নেতৃত্ব, সংগঠনের মর্যাদা, ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। 

“প্রযুক্তি দিয়ে সাইবার অ্যাটাক করে আমাদের আমিরে জামায়াত যে কথা কোনোদিন বলেননি, বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে ইন্ডিয়া অরিজিনেটেড ভাইরাস দিয়ে আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেদিনই ছাত্রদলকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কর্মসূচি ঘোষণা করেছে।”

গোলাম পরওয়ার বলেন, “কালকে রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ৪০ মিনিটের মধ্যে আমরা প্রতিবাদ করেছি।”

জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মঙ্গলবার রাতে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ডিবি পুলিশ। এ প্রোগ্রামারের সঙ্গে ছাত্রদল ও ইন্ডিয়ার কী সম্পর্ক আছে তা জাতির সামনে প্রকাশ করার দাবিও জানান জামায়াতের শীর্ষ এ নেতা।

বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ এর প্রতিশ্রুতির সমালোচনা করেন গোলাম পরওয়ার। এ কর্মসূচিকে আওয়ামী লীগের ‘দশ টাকা সের চাল’ কর্মসূচিরও সমতুল্য বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “বিএনপি এখন বলে, আমরা সব করে দেব। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড- ‘ভুয়া’ সব। ভুয়ার তো একটা লিমিট আছে। মিথ্যা ও গুজব বানাইতে গেলে মিথ্যার মধ্যেও ভুল হয়। মানুষ দেশে ১৮ কোটি আর বলে, আমরা ৫০ কোটি কার্ড দেব। 

“মানুষ জানছে, আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন- বেকার ভাতা দেবেন, কৃষককে বিনামূল্যে সার দেবেন, অনেক ওয়াদা করেছিলেন। সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। এইটা হইলো- শেখ হাসিনার দশ টাকা সের চাউলের মতো। বাংলাদেশের মানুষ এইসব পছন্দ করে না।

“আমরা বলেছি, লাঙল, নৌকা, ধানের শীষ; সবার পরীক্ষা তো হইয়া গেছে। দাঁড়িপাল্লার পরীক্ষা হইতে এখনো বাকি। ১১ দলের অনেক প্রতীক আছে, আমরা সবাই নতুন, আমরা কখনো রাষ্ট্রক্ষমতায় যাইনি। কিন্তু আমরা অঙ্গীকার করেছি- সততা, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও একটি মানবিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব।”

জামায়াতে ইসলামীর প্রচারে নারী কর্মীদের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটছে দাবি করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “আমাদের ইসলামিক চেতনা, জুলাই আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা; তিনটি চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ আমরা গড়ব। 

“বিএনপির বন্ধুরা গ্রামে গ্রামে দাঁড়িপাল্লার জোয়ার, ১১ দলের মার্কার পক্ষে মানুষের স্রোত দেখে ওনাদের মাথা এলোমেলো হয়ে গেছে। চোখ রাঙিয়ে, হুমকি দিয়ে, মিথ্যা বলে জোর করে ভোট নেওয়ার বাংলাদেশ আর নাই।”

“...মাথা খারাপ হইছে তো, তাই হামলা, হুমকি শুরু হয়েছে। তাইলে তোমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষকে তোমরা বিবস্ত্র করে ফেলবে। তোমাদের হাতে আমাদের মা-বোনের জীবন-ইজ্জত নিরাপদ হতে পারে না”, যোগ করেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, “মানুষ এখন পরিবর্তন দেখতে চায়। আমরাও সেই পরিবর্তন চাই। এই পরিবর্তন মানে হলো- স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ শাসন করেছেন তাদেরকে লাল কার্ড দেখাতে হবে।”

বিগত সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের ‘ফেলু পার্টি’ বলে গোলাম পরওয়ার বলেন, “যারা রাষ্ট্র শাসন করেছেন প্রত্যেকে এইসবের অন্তর্ভুক্ত। তারা সবাই পরীক্ষায় ফেল। ফেলু পার্টিকে দিয়ে দেশ শাসন চলবে না।

ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিমুক্ত করে অর্থনীতি ও শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন জামায়াতের শীর্ষ এ নেতা।