Published : 04 Apr 2026, 12:12 AM
শেরপুরের শ্রীবরদীতে একটি ট্রাঙ্কের ভেতর থেকে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় পিকআপ ভ্যানের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
শুক্রবার সকালে চালককে আটক করার তথ্য দিয়ে জামালপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ট্রাঙ্ক বহনকারী ওই পিকআপ ভ্যান শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রাম থেকে জব্দ করা হয়।
তিনি বলেন, ওই পিকআপ ভ্যানের চালক আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ের এসআই আব্দুস সালামকে দায়িত্ব দেওয়ার কথা তুলে ধরে এসপি পংকজ দত্ত বলেন, তদন্তে যেসব তথ্য পাওয়া যাচ্ছে সেগুলো যাচাই-বাছাই করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং মূল ঘটনা জানার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার সকালে শ্রীবরদী উপজেলার নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর একটি ট্রাঙ্ক দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ট্রাঙ্ক খুলে তোশকে মোড়ানো হাত-পা বাঁধা একজন অচেনা নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় পুলিশ।
পরে শ্রীবরদী থানা পুলিশ লাশের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই জামালপুর জেলার সঙ্গে যোগাযোগ করে। বৃহস্পতিবার পিবিআই ওই নারী পরিচয় শনাক্ত করে।
নিহত ডলি আক্তার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মো. আলাল মিয়ার মেয়ে।
সে দিন তার ভাই মো.শফিকুল ইসলাম ওরফে শফিক মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।