বুড়িমারী স্থলবন্দরে ট্রাকে ‘ঘুমন্ত অবস্থায়’ ভারতীয় চালকের মৃত্যু
ওসি নাজমুল হক বলেন, “প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।”
লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দরে ট্রাকের কেবিন থেকে এক ভারতীয় চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে স্থলবন্দরের মাঠে পার্কিং করা একটি খালি ট্রাক থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি নাজমুল হক।
মারা যাওয়া সনম তামাং (৩৩) নিয়মিতভাবে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে পণ্য পরিবহন করতেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ার জেলার মাদারিহাট থানার মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা ও কাঞ্ছা তামাংয়ের ছেলে।
পুলিশ ও স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুরে ভুটানি পাথর বোঝাই ট্রাক নিয়ে বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করেন সনম তামাং। পণ্য খালাসের পর রাতে অন্য চালকদের মতো তিনিও নিজের ট্রাকের কেবিনে ঘুমিয়ে পড়েন তিনি।
শুক্রবার সকাল ৬টার দিকে পাশের ট্রাকের চালকেরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে কেবিনে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থলবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে ইমিগ্রেশন পুলিশ পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি নাজমুল হক বলেন, “প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠানো হবে।”
তবে বুড়িমারী স্থলবন্দরের পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
