নীলফামারীতে কোদালের কোপে বাবার মৃত্যু, ছেলে পলাতক
বিরোধপূর্ণ জমিতে ভুট্টার বীজ রোপণ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নুর ইসলাম কোদাল দিয়ে তার বাবার মাথায় কোপ দেয় বলে জানায় পুলিশ।
নীলফামারীর ডিমলা উপজেলায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের এক ছেলে পলাতক রয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিমলা থানার পরিদর্শক দেবাশীষ রায়।
নিহত আব্দুল আজিজ (৭০) ওই গ্রামের প্রয়াত পহাদ্দি মামুদের ছেলে। তার ছেলের নাম নুর ইসলাম।
স্থানীয়দের বরাতে পরিদর্শক দেবাশীষ জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ছেলে নুর ইসলামের সঙ্গে আব্দুল আজিজের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বসত বাড়ির পাশে নিজ জমিতে ভুট্টার বীজ রোপণ করছিলেন আজিজ।
এ সময় নুর ইসলাম ওই জমিতে গিয়ে বীজ রোপণে বাধা দিলে বাবা-ছেলের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে নুর ইসলাম তার হাতে থাকা কোদাল দিয়ে আজিজের মাথা কোপ দিলে গুরুতর আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আজিজকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান এ পরিদর্শক।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ পরিদর্শক দেবাশীষ আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে নুর ইসলাম পালাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
