নওগাঁয় ৮০ ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল শুরু
অটোরিকশা ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের কারণে রোববার থেকে বাস চলাচল বন্ধ ছিল।
অটোরিকশা চালক ও বাসের মালিক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে প্রায় ৮০ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
দুপক্ষের মধ্যে সমঝোতার পর বুধবার বিকাল থেকে জেলার সব অভ্যন্তরীণ ও আন্তঃজেলা পথে পুনরায় বাস চলাচল শুরু হয় বলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।
শনিবার দুপুরে নওগাঁর নজিপুরে বাসে যাত্রী ওঠানো নিয়ে বাস শ্রমিক ও অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে রোববার সকাল ৬টা থেকে জেলাজুড়ে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
পরিবহন সংকট কাটাতে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে দুই পক্ষকে নিয়ে আয়োজিত বৈঠকে বিভিন্ন শর্তে সমঝোতা হলে মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছিল। তবে চলাচলের মাত্র দুই ঘণ্টার মাথায় জেলার বদলগাছীতে একটি বাস থামিয়ে চালক ও সহকারীকে মারধরের অভিযোগ ওঠে অটোরিকশা চালকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে আবারও তাৎক্ষণিকভাবে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন মঙ্গল ও বুধবার দফায় দফায় দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। বুধবার দুপুরের বৈঠকে বিরোধ নিষ্পত্তি হয়।
এদিকে টানা তিন দিনের বেশি সময় ধরে বাস ও অটোরিকশা চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিকল্প হিসেবে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশায় অতিরিক্ত ভাড়া গুণে যাতায়াত করতে হয় মানুষকে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়েছে এবং দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই পুনরায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়েছে।”
