১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 02:04 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি আলমগীর কবির জানিয়েছেন।

তিনি সবশেষ ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে দায়িত্ব পালন করেছেন। সেখানে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে বলে ওসি জানিয়েছেন।  

নিহত ৪০ বছর বয়সী হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আলমগীর করিব বলেন, এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে বাসাইল থানায় ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়। 

নিহতের লাশ মর্গে রয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।