১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে রওশন এরশাদের বিরুদ্ধে মামলা

মামলায় জেলার সাবেক ডিসি মোস্তাকীম বিল্লাহ ফারুকী ছাড়াও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 01:08 AM

Updated : 26 Aug 2026, 10:27 AM

জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও সংসদ সদস্য বেগম রওশন এরশাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টির এক নেতা।

বুধবার দুপুরে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে ন্যাপ নেতা খালেদুজ্জামান পারভেজ বাদী হয়ে মামলাটি করেন বলে জেলা আইনজীবী সমিতির অডিটর কামরুল হাসান কিরণ জানান।

মামলায় জেলার সাবেক ডিসি মোস্তাকীম বিল্লাহ ফারুকী ছাড়াও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। 

মামলার নথির বরাতে কামরুল হাসান কিরণ বলেন, “বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ন্যাপের কুঁড়েঘর প্রতীকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। বিপরীতে এই আসনে মহাজোটের একক প্রার্থী ছিলেন বেগম রওশন এরশাদ। 

“২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে একদল অজ্ঞাত লোক জোর করে তুলে নিয়ে আসামিদের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয় মামলার বাদী খালেদুজ্জামান পারভেজের।”

এতে বাদীর অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি।    

খালেদুজ্জামান পারভেজ বলেন, “ন্যায় বিচারের আশায় রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আমি মামলাটি দায়ের করেছি।” 

মামলার শুনানিতে বাদীর পক্ষে আইনজীবী রিয়াদ মো. সাঈদ, মো. বিল্লাল হোসেন ছিলেন।

রিয়াদ মো. সাঈদ জানান, মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।