১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক ব্যবসায়ী’ আটক

তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 01:59 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩টি ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির চার লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার রাত ৩টার দিকে শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান। 

আটকরা হলেন- গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি টিম। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস ওই এলাকা অতিক্রম করার সময় সেটিতে তল্লাশি চালায় পুলিশ।

একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে প্রথমে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে তাদের সাথে থাকা লাগেজে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ৫৯ হাজার ১২৩টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। যেগুলো মাদক বিক্রির টাকা বলে তারা জানিয়েছে। 

সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, আটক ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘ বছর ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। 

তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

তিনি আরও জানান, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।