নেত্রকোণায় বিদ্যুৎপৃষ্টে ২ জনের মৃত্যু
“রফিকুলসহ তিনজন জমি চাষের জন্যে বিদ্যুৎ চালিত একটি মোটর মেরামত করছিলেন।”
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা শুনুই গ্রামে এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন জানান।
নিহতরা হলেন-কলমাকান্দার পোগলা ইউনিয়নের শুনই সারুলিয়া গ্রামের সদর আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৯) ও একই এলাকার ফজলু মিয়ার ছেলে শ্রমিক রুপায়েন মিয়া (২৩)।
আহত জায়েদুল (৩৬) একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
ওসি ফিরোজ বলেন, “রফিকুলসহ তিনজন জমি চাষের জন্যে বিদ্যুৎ চালিত একটি মোটর মেরামত করছিলেন। তখন তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”
এছাড়া গুরুতর অবস্থায় জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
