১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলীকদমে ভালুক ছানা উদ্ধার

“এটি আন্তর্জাতিকভাবে সংরক্ষণশীল তালিকায় থাকা একটি প্রজাতি,” বলেন বন কর্মকর্তা মোস্তাফিজুর।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 11:33 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

বান্দরবানের আলীকদম বাজারের একটি গলি থেকে আট-নয় মাস বয়সের একটি কালো ভালুক ছানা উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

সোমবার দুপুরে বন অধিদপ্তরের ঢাকা অফিসের চার সদস্যের একটি দল সেটিকে উদ্ধার করে। পরে চিকিৎসা ও পরিচর্যার জন্য ভালুক ছানাটিকে কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হয়।

লামা বিভাগীয় বন বিভাগের অধীন আলীকদম উপজেলার তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, স্থানীয়রা খবের দেন আলীকদম বাজারের একটি গলিতে একটি ভালুক ছানা পড়ে আছে। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করে।

তিনি বলেন, “সোমবার ছিল আলীকদম বাজারের সাপ্তাহিক হাটের দিন। ধারণা করা হচ্ছে, দুর্গম পাহাড়ি এলাকা থেকে বন্যপ্রাণী পাচারকারী চক্র ভালুক ছানাটিকে বাজারে এনে বিক্রির চেষ্টা করছিল। সম্ভবত বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নির্জন গলিতে ফেলে পালিয়ে যায়।”

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাণীটির বয়স ৮–৯ মাস। এটি আন্তর্জাতিকভাবে সংরক্ষণশীল তালিকায় থাকা একটি প্রজাতি।