ঘোড়াশালে ‘অস্ত্রের মুখে’ পল্লীবিদ্যুৎ উপ-কেন্দ্রের তার ও যন্ত্রাংশ ‘লুট’
এ ঘটনায় পলাশের ভাগদী ও রাজাবোসহ মোট চারটি গ্রামের গ্রাহকরা বিদ্যুৎহীন আছেন।
নরসিংদীর পলাশ উপজেলায় পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় চার লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।
রোববার ভোরে ঘোড়াশালের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানিয়েছেন।
সুমন বলছেন, “ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেলে আসা ৫-৬ জন দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।
“এ সময় চলমান লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেলের কেবল এবং রাইজারের তার কেটে চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে বিষয়টি পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়।”
এতে পশাল উপজেলার ভাগদী ও রাজাবোসহ চারটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সুমন।
এ প্রসঙ্গে জানতে চাইলে পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
