মশাখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে যমুনা এক্সপ্রেস আটকে রেখে বিক্ষোভ
প্রায় দেড় ঘণ্টা পর সকাল ৮টা ৫৫ মিনিটে আন্তঃনগর ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়।
ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
তাদের অবস্থান কর্মসূচির জন্য প্রায় দেড়ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন।
এর আগে বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে মশাখালী স্টেশন এলাকায় লাল কাপড় টাঙিয়ে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস আটকে দেয় স্থানীয়রা।
বিক্ষোভকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। তাই এখানে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি করা জরুরি।
মশাখালী স্টেশনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।
ট্রেন আটকে রাখার খবর পেয়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। পরে প্রায় দেড় ঘণ্টা পর সকাল ৮টা ৫৫ মিনিটে আন্তঃনগর ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়।
থানার ওসি মো. আকতার হোসেন বলেন, “মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন।
“এর ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে তারা ট্রেনটি আটকে রেখেছিলেন। পরে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।”
ওসি আরও বলেন, আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পর ট্রেনটি ছেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
