Published : 06 Feb 2026, 09:35 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে করা আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন রাকসুর প্রতিনিধিরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে জোহা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে ‘জুমা–জাবের–আম্মার, জুলাইয়ের অহংকার’, ‘জিএসের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘ডগ আর পুলিশ, দুইটাই খবিশ’ স্লোগান দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুছ সাকিব বলেন, “হাদি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশ পরনির্ভরশীল হবে না এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই চেতনার কারণেই সে শত্রুদের টার্গেটে পরিণত হয়।”
তিনি বলেন, “আজ শহীদ হাদির বিচার চাইতে গেলে জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত অন্তর্বর্তী সরকার আমাদের ওপর গুলি চালায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
রাকসুর সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন বলেন, “শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে করা আন্দোলনে আজ গুলি চালানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই- আর কত রক্ত দিলে আমার ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করা হবে?”
এদিন দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসুর প্রতিনিধি ফাতিমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন।