১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদক সেবনের জন্য মাটির নিচে ‘সুড়ঙ্গ’, আছে বিছানা-বালিশও

সুরঙ্গটিতে একসঙ্গে ৩ থেকে ৪ জন অবস্থান করতে পারতেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা সুড়ঙ্গে মাদক সেবন ও বিক্রি চলত বলে অভিযোগ ওঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রফুল্ল সাহার বাড়ির পাশের একটি বাগানে। 

সুড়ঙ্গটির ভেতরে বাঁশ ও গাছের ডাল দিয়ে তৈরি ঢাকনা, ওঠানামার জন্য সিঁড়ি এবং বিছানার ব্যবস্থাও দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রফুল্ল সাহার ছেলে সুজন সাহা (ভক্ত) সুড়ঙ্গ (স্থানীয়দের ভাষায় ‘বাঙ্কার’) তৈরি করে সেখানে মাদক সেবন ও বিক্রি চালিয়ে আসছিলেন।

সুড়ঙ্গটিতে একসঙ্গে তিন থেকে চারজন অবস্থান করতে পারতেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়। পরে সেটি ভেঙে দেওয়া হয়েছে।

দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী বলেন, “সুজন একজন মাদক ব্যবসায়ী। বাগানের ভেতর মাটির নিচে আস্তানা তৈরি করে সে সেখানে মাদকের আসর বসাত।”

সুজন সাহার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের কাছ থেকেও তার সঙ্গে যোগাযোগের বিষয়ে কোনো তথ্য মেলেনি। 

তবে তার স্ত্রী সুবাঙ্কা সাহা বলেন, ওই স্থানে তার স্বামী আড্ডা দিতেন ও সিগারেট খেতেন। এর বাইরে কিছু তিনি জানেন না।