১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে পেট্রোল পাম্পে আগুন, ‘২০ লাখ টাকার’ ক্ষয়ক্ষতি

পাম্পে তেলের ট্যাংক মেরামত করার সময় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 05:34 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি মিনি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাশের কয়েকটি দোকান ও বাড়ি পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নাজিরপুর বাজারে মেসার্স নুরু এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে তেল মজুদ রাখা ট্যাংক মেরামতের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো পাম্পে ছড়িয়ে পড়ে। এ ছাড়া পাশের কয়েকটি দোকান ও তিনটি বাড়িতেও আগুন লাগে।

খবর পেয়ে গুরুদাসপুর ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে ধারণা ক্ষতিগ্রস্তদের।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তার হামিদ খান বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।