১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিখনফলে ব্যর্থতা: পাবনার ৩৬৭ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

উপজেলার শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিস পাঠান।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 06:48 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিখনফল অর্জনে ব্যর্থতার অভিযোগে পাবনার নয়টি উপজেলার ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের শোকজ করা হয়েছে। 

সম্প্রতি বিদ্যালয়গুলো পরিদর্শনের পর এ পদক্ষেপ নেওয়া হয় বলে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. আশরাফুল কবীর জানিয়েছেন বৃহস্পতিবার। 

২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে উপজেলার শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর এই নোটিস পাঠান। তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে শোকজের লিখিত জবাব চাওয়া হয়েছে।

জেলা শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ১৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী ৩০ জুনের মধ্যে তৃতীয় শ্রেণির বাংলা রিডিং, চতুর্থ শ্রেণির গণিতের চার নিয়ম এবং পঞ্চম শ্রেণির সাবলীল ইংরেজি পড়া নিশ্চিত করার লক্ষ্য ছিল। 

তবে জুন মাসে জেলার এক হাজার ১৩৬টি স্কুল পরিদর্শনের পর ৩৬৭টিতে চরম ঘাটতি ধরা পড়ে। শোকজ পাওয়া স্কুলের মধ্যে সাঁথিয়া উপজেলায় সর্বোচ্চ ৭৪টি এবং সর্বনিম্ন ফরিদপুর উপজেলার সাতটি স্কুল রয়েছে। 

কারণ দর্শানোর নোটিস পাওয়া ৩৬৭টি বিদ্যালয়ের মধ্যে সাঁথিয়ার ৭৪টি, আটঘরিয়ার ৫৯টি, পাবনা সদরের ৫৪টি, বেড়ার ৫০টি, চাটমোহরের ৪৮টি, সুজানগরের ৪১টি, ঈশ্বরদীর ২৩টি, ভাঙ্গুড়ার ১১টি ও ফরিদপুর উপজেলার সাতটি রয়েছে।

এমনকি শিক্ষক সংকট না থাকা সত্ত্বেও পৌর শহরের অনেক বিদ্যালয়ও এ তালিকায় পড়েছে।

শিক্ষা প্রশাসনের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষক। তাদের দাবি, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের অসচেতনতাই মূল বাধা। এ ছাড়া নির্দিষ্ট সময়সীমার (৩১ অক্টোবর) তিন মাস আগেই মূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তোলেন শিক্ষকরা। 

এমনকি বেড়া উপজেলার এক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিনিধি পাঠিয়ে পক্ষপাতমূলক মূল্যায়নের অভিযোগও উঠেছে।

শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষকদের জবাব পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত দক্ষতা না পেলে দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।