১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালীতে হাঁস কামড়ানোর অভিযোগে ২ কুকুরকে পিটিয়ে হত্যা

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে মামলা করার কথা জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

পটুয়াখালীতে হাঁস কামড়ানোর অভিযোগে ২ কুকুরকে পিটিয়ে হত্যা
ছবি ভিডিও থেকে নেওয়া।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 05:42 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

পটুয়াখালী সদরে হাঁসকে কামড়ানোর অভিযোগে দুই কুকুরকে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

বৃহস্পতিবার উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা বাজারসংলগ্ন খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, কয়েকদিন আগে ওই এলাকার মনজু হাওলাদারের ছয়টি হাঁস কুকুরের আক্রমণে মারা যায়। এ ঘটনায় প্রতিবেশী জাহাঙ্গীর প্যাদার কুকুরকে দায়ী করে তিন হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন মনজু।

জাহাঙ্গীর টাকা দিতে অস্বীকৃতি জানালে কুকুর দুটি ধরে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, দুটি কুকুরকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপর এক ব্যক্তি লাঠি দিয়ে তাদের মাথা ও শরীরে এলোপাতাড়ি আঘাত করছেন। পরে পাশে থাকা আরেক ব্যক্তি দৌড়ে এসে কুকুর দুটিকে পেটাতে থাকেন। এক পর্যায়ে কুকুর দুটি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

কুকুর দুটির মালিক জাহাঙ্গীর প্যাদার দাবি, প্রায় চার বছর ধরে তিনি কুকুর দুটি লালন-পালন করে আসছিলেন। এ ছাড়া কুকুর দুটিকে নিয়মিত টিকাও দেওয়া হয়েছিল।

তার অভিযোগ, প্রতিবেশী মনজু হাওলাদার (৩৫) ও তার চাচাতো ভাই জহির হাওলাদার (৩৭) কুকুর দুটি পিটিয়ে হত্যা করেছেন।

জাহাঙ্গীরের দাবি, “যেদিন মনজু হাওলাদারের হাঁস কামড়ানোর ঘটনা ঘটে, সেদিন কুকুর দুটি তার বাড়িতেই ছিল। বিষয়টি মনজু হাওলাদারকে জানালেও তিনি তা আমলে নেননি।”

এ বিষয়ে জানতে মনজু হাওলাদারকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। এ ছাড়া বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি।

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, “দেশে এমন ঘটনা কখনো ঘটেনি। দুইটা প্রাণীকে পিটিয়ে মারা, এটাতো জঘন্য অপরাধ। এ ঘটনায় মনজু হাওলাদার ও জহির হাওলাদারের বিরুদ্ধে মামলা করা হবে।”