গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারীর মৃত্যু
“বাসটি উদ্ধার গেলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে।”
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে এক নারীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
রোববার সকালে গড়েয়ারপাড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনায় নিহত নারীর নাম রিক্তা খাতুন বলে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) প্রশান্ত চন্দ্র প্রমানিক জানিয়েছেন।
নিহত ২৫ বছর বয়সী রিক্তা গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল মিয়ার স্ত্রী।
এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসটি রোববার সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ওই নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ওসি প্রশান্ত বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
“নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি উদ্ধার গেলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে।”
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
