Published : 02 Sep 2025, 01:51 PM
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে; বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রঙরায়েরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালথা থানার ওসি মো. আতাউর রহমান।
নিহত মর্জিনা বেগম (৩৮) ফরিদপুর সদর উপজেলার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে এবং রঙরায়েরকান্দী গ্রামের মো. বক্কার শেখের (৪৩) স্ত্রী।
এ দম্পতির তিন মেয়ে ও এক ছেলে আছে। বাড়িতে বক্কারের মা মেহেরুন বেগমও (৬৫) থাকেন।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, বক্কার ও তার স্ত্রী মর্জিনা মাঝে মাঝেই ঝগড়া করতেন। মঙ্গলবার সকালেও তাদের কথাকাটাকাটি হলে একপর্যায়ে বক্কারকে ঘর থেকে বের দিয়ে দরজা আটকে দেন মর্জিনা।

পরে বক্কার টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বটির আছাড় বা কাঠের অংশ দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে তিনি মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় ঠেকাতে এলে বক্কার তার বৃদ্ধা মা মেহেরুনকেও পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ওসি আতাউর রহমান আরও বলেন, ঘটনার পর বাড়িতেই অবস্থান করছিলেন বক্কার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
কি কারণে স্ত্রীকে এভাবে পিটিয়ে হত্যা করছেন, সে বিষয় বক্কারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।