১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘দুষ্টামি করে’ নদীতে লাফ, পরে মরদেহ উদ্ধার

পুলিশ বলছে, ঘটনার সময় আরাফাতসহ পাঁচ বন্ধু ‘দুষ্টামি করে’ ঘাটে থাকা ট্রলার থেকে নদীতে লাফ দেয়।

‘দুষ্টামি করে’ নদীতে লাফ, পরে মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2025, 05:18 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।    

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পুরান বাজার ৫ নম্বর খেয়াঘাট সংলগ্ন রূপালী রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

বেলা ২টা ১০ মিনিটে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ-ইউনিটের টিম লিডার আলী আহম্মদ জানান।

মৃত মো. ইয়াছিন আরাফাত (১৫) শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের বাসিন্দা মো. দুলাল কাজীর ছেলে। মায়ের নাম মুক্তা বেগম।

আরাফত পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ বলছে, ঘটনার সময় আরাফাতসহ পাঁচ বন্ধু ‘দুষ্টামি করে’ ঘাটে থাকা ট্রলার থেকে নদীতে লাফ দেয়। পরে অন্যরা লাফ দিয়ে উঠতে পারলেও আরাফাত নদীতে তলিয়ে যায়। এ সময় ঘাটের লোকজন তাৎক্ষণিক ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ-ইউনিটে খবর দেয়।

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ বলেন, “১টা ১০ মিনিটে আমরা ঘটনাস্থলে রওনা হই। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আমাদের ডুবুরি দল স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

“পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ওই স্কুল ছাত্রের বাবা-মাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।”

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।