ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণে নিহত ২ সৈনিক: শান্তশিষ্ট পিয়াসের মৃত্যুতে গ্রামজুড়ে শোক
বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে তার মরদেহ বাড়িতে আনা হবে বলে জানান স্বজনরা।
চট্টগ্রামের হাটহাজারী ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে ‘আকস্মিক দুর্ঘটনায়’ নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের নোয়াখালীর কবিরহাটের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে আইএসপিআরের বরাতে জানান কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা।
পিয়াস (২৫) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। চার বোনের একমাত্র ভাই ছিলেন পিয়াস।
নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান হারুন বলেন, পিয়াস ছোটবেলা থেকেই অত্যন্ত শান্ত ও অমায়িক স্বভাবের ছিলেন। গ্রামের সবার কাছে তিনি প্রিয় ছিলেন। তার মৃত্যুতে গ্রামের মানুষের মধ্যেও শোক বিরাজ করছে।
গত ছয় মাস ধরে পিয়াস স্ত্রী, দেড় বছরের কন্যা ফাতেমা এবং বাবা-মাকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে থাকতেন।
মিজানুর রহমান হারুন বলেন, “বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে পিয়াসের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। সকাল ১০টায় বাড়ির সামনের মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, “দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। পিয়াসের মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে।”
আইএসপিআরের ভেরিফায়েড ফেইসবুক পাতায় দুপুরে বলা হয়, ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই ‘আকস্মিক দুর্ঘটনা’ ঘটে।
এতে বলা হয়, দুর্ঘটনায় আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
