১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের পোশাক পরা অবস্থায় ছিনতাইয়ের শিকার এএসআই, পিস্তল লুট

“তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।”

নারায়ণগঞ্জে পুলিশের পোশাক পরা অবস্থায় ছিনতাইয়ের শিকার এএসআই, পিস্তল লুট
আক্রান্ত লুৎফর রহমান নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 04:47 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালন করার সময় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন।  

ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে গেছে বলে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানিয়েছেন।

আক্রান্ত লুৎফর রহমান নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। 

“পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।”

ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তাসমিন আক্তার।

স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও পথচারীরা প্রায়ই এখানে ছিনতাইয়ের শিকার হন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।