১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে নিজ বাড়িতে মিলল মাছ ব্যবসায়ীর গলা কাটা লাশ

“পারিবারিক বা ব্যবসায়ীক কোনো দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমাদের প্রাথমিক ধারণা।”

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 02:09 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

নাটোরের সিংড়া উপজেলায় এক মাছ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে ইটালী ইউনিয়নের বিষ্ণপুর এলাকায় নিজ বাড়ি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয় বলে সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।  

নিহত ৪৫ বছর বয়সী রফিকুল ইসলাম ওরফে রুবেল সিংড়ার বিঞ্চপুর এলাকার কেরামত আলীর ছেলে।    

পুলিশ ও স্থানীয়রা বলছে, পারিবারিক বিষয় নিয়ে রোববার রাতে রফিকুলের স্ত্রী ও ছেলের সঙ্গে রাগারাগি হয়। এরপর পাশের একটি কক্ষে একা ঘুমাতে যান তিনি। সকালে পরিবারের সদস্যরা নামাজের জন্য ঘুম থেকে উঠে রফিকুলকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রফিকুলের মরদেহ উদ্ধার করে।

ওসি রফিকুল বলেন, “নিহতের গলা কাটা ছিল। দুই হাতেও ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন দেখা গেছে। পারিবারিক বা ব্যবসায়ীক কোনো দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমাদের প্রাথমিক ধারণা।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।