১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসুর ছাত্রদল প্রার্থীকে শুভ কামনা, ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসি প্রত্যাহার

তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 02:27 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বেলা ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, “সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

সোমবার রাত ২টার দিকে ‘শুভ কামনা রইল ২১, ১৭, ০৮’ লেখা একটি ফটোকার্ড ওসি মোজাফ্ফরের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। তাতে ক্যাপশনে লেখা হয়, ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল’।

তারপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন সরকারি কর্মকর্তা এটা করতে পারেন কি-না?

পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। 

আলোচনা-সমালোচনার মধ্যেই ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও সদর মডেল থানার ফেইসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দাবি করেন, “আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে।

“আমার আইডিতে শকুনের চোখ পরেছে। আইনি ব্যবস্থা নেব। ইনশাআল্লাহ।”

পরে এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন ওসি।