১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড

২০১৩ সালের ২৯ জুলাই খালের মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

বরিশালে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুম করার ঘটনায় দায়ের করা মামলায় রায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এক যুগ আগের এ মামলার রায় ঘোষণা করেন।    

দণ্ডিতরা হলেন- বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা ইস্রাফিল আকনের ছেলে কবির আকন ও একই গ্রামের মোসলেম বেপারীর ছেলে জব্বার বেপারী।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। জাসার পাশাপাশি দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন।

মামলার বরাতে আজিবর বলেন, মামা বাড়ি থেকে বেরিয়ে ২০১৩ সালের ২৮ জুলাই সকালে খাদিজা বেগম একা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরদিন পূর্ব কোড়ালিয়া গ্রামের হামিদ হাওলাদারের বাগানের পাশে শিলনিয়া খালের মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় খাদিজার মামা মোক্তার হোসেন ৩০ জুলাই বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হিজলা থানায় মামলা করেন।

বরিশাল গোয়েন্দা পুলিশের এসআই নুরুল ইসলাম তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ জানুয়ারি দুজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, বাড়ি যাওয়ার সময় কবির আকন খাদিজা বেগমকে টেনে হিঁচড়ে হামিদ হাওলাদারের বাগানের মধ্যে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে। পরে জব্বার এসে আবার তাকে ধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে খাদিজাকে হত্যা করে তার লাশ বাগানের পাশে শিলনিয়া খালের মধ্যে ফেলে রাখে তারা। পরদিন তার লাশ ভেসে উঠলে ভাই ও মা সনাক্ত করে।

এ মামলার মামলায় ১৮ জনের সাক্ষ্য নিয়ে এক যুগ পর রায় দেওয়া হল বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান।