১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় উচ্ছেদ হওয়া হকারদের ৩০ ভ্যান জব্দ, ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা

ভবনে ভ্যানপ্রতি এক হাজার টাকা করে নিয়ে হকারদের সেখানে ভ্যান রাখতে ও ব্যবসা করতে দেওয়া হত।

কুমিল্লায় উচ্ছেদ হওয়া হকারদের ৩০ ভ্যান জব্দ, ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা
কুমিল্লায় উচ্ছেদ অভিযানে ভ্যান ধ্বংস করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 09:07 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে উচ্ছেদ হওয়া হকারদের ৩০টি ভ্যান জব্দ করেছে সিটি করপোরেশন। 

একই সঙ্গে হকারদের ভ্যান রাখার জায়গা দেওয়ায় ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার বিকালে নগরীর নজরুল অ্যাভিনিউ এলাকায় অভিযান চালানোর সময় এসব কথা জানান কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অভিযান চলাকালে নুরুল আমিন টাওয়ারের পার্কিং থেকে ৩০টি ভ্যান জব্দ করা হয়। পরে নির্বাহী হাকিমের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।

সিটি করপোরেশনের দাবি, ভবনটির তত্ত্বাবধায়ক ও দারোয়ান প্রতি ভ্যানের জন্য মাসপ্রতি এক হাজার টাকা করে নিয়ে হকারদের সেখানে ভ্যান রাখতে ও ব্যবসা করতে দিতেন।

এক হাজার টাকা করে নিয়ে হকারদের ভ্যান রাখা হত এ ভবনে।

এক হাজার টাকা করে নিয়ে হকারদের ভ্যান রাখা হত এ ভবনে।

এ ঘটনায় ভবন মালিকও জড়িত বলে তাদের দাবি।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এ ঘটনায় ভবনের হোল্ডিং নম্বর বাতিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মত ব্যবস্থাও নেওয়া হতে পারে।

তিনি বলেন, চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রানীরবাজার থেকে কান্দিরপাড় পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। এ সময় বিভিন্ন স্থান থেকে হকারদের ভ্যান জব্দ করা হয়।

তিনি বলেন, “আমরা কারও ক্ষতি করতে চাই না। কিন্তু কেউ আইন অমান্য করে জনভোগান্তি সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না।”

নির্বাহী হাকিম নাজিয়া হোসেন বলেন, যারা অবৈধভাবে হকারদের জায়গা দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের সামনে হকারদের বসতে দেওয়া হবে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার কান্দিরপাড় থেকে চকবাজার মোড় পর্যন্ত একই ধরনের অভিযান চালিয়ে প্রায় ৪০টি হকারের ভ্যান জব্দ ও ধ্বংস করা হয়।

ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট কমাতে এ অভিযান চলবে বলে জানিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।