১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝড়ো আবহাওয়া: পৌনে এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চালু

বর্তমানে এ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 01:22 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ঝড়ো আবহাওয়ার কারণে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন বলেন, “ঘাট এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

“এ সময় ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয় এবং ঘরমুখো যাত্রীরা ফেরিতেই অবস্থান করেন। আবহাওয়া অনুকূলে আসার পর দুপুর ১২টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। তবে আকস্মিক এই ঝড়-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।”

বর্তমানে এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

এদিকে পাটুরিয়া লঞ্চঘাটের পরিচালক পান্নালাল নন্দী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২০টি লঞ্চ চলাচল করছে। ঝড়ের তীব্রতা কমে গেলে লঞ্চ চলাচলও স্বাভাবিক করা হয়।