Published : 22 Apr 2026, 11:40 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নির্ধারিত ২০২৬ সালের সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি সামনে আসে।
ইউএনও বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কয়লারদিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান অভিযোগ করে বলে, মঙ্গলবার এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সে কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কানসাট সোলেমান ডিগ্রি কলেজ ভেন্যুতে অংশ নেয়। সেখানে তাকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রণীত সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়।
পরীক্ষার্থী বলে, বিষয়টি তাৎক্ষণিকভাবে কক্ষ পরিদর্শককে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাকে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করা হয়।
তার অভিযোগ, “পরীক্ষা শেষে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে শিক্ষকরা অসৌজন্যমূলক আচরণ করে।”
তাহমিদুর রহমান বলে, পুরনো সিলেবাসে তার সঙ্গে মো. তোমিজ উদ্দীন, মো. তামিম ইকবাল ও মো. নাইম হোসেনও পরীক্ষা দিতে বাধ্য হয়েছে।
কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. শাজাহান আলী বলেন, “কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ ভেন্যুর একটি কক্ষে ভুলক্রমে একজন পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে।”
তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীর উত্তরপত্র বিশেষ ব্যবস্থাপনায় মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে এবং পরবর্তী বিষয়গুলোর পরীক্ষা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী নেওয়া হবে।”
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, “অভিযোগে চার পরীক্ষার্থীর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা চলছে।”