১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

“শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুবককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 06:28 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন।

অভিযোগের মুখে থাকা ১৮ বছর বয়সী পান্না সরকার আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির সহযোগী।

বিষয়টি জানাজানি হলে রোববার সকালে সাত বছর বয়সী ওই ভুক্তভোগী শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির পারিবার বলছে, শনিবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা শেষে পূজা দেখার জন্য পাশের আরেকটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন সড়ক থেকে পান্না সরকার তাকে জোর করে কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে।

ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়। পরে শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।

ওসি শাহিনুল ইসলাম বলেন, “শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুবককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

তবে এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে রোববার বিকাল পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন তিনি।