১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক বিএনপির স্বাধীন

এই বিএনপি নেতা বলেন, “আমার ওপর যে দায়িত্ব দেওয়া হল, তার শতভাগ পালন করে বগুড়া সিটি করপোরেশনকে নুতনভাবে সাজাব।”

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক বিএনপির স্বাধীন
এম আর ইসলাম স্বাধীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 01:45 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।   

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এম আর ইসলাম স্বাধীন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন। 

প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর এই বিএনপি নেতা বলেন, “আমার ওপর যে দায়িত্ব দেওয়া হল, তার শতভাগ পালন করে বগুড়া সিটি করপোরেশনকে নুতনভাবে সাজাব।”

এর আগে গত বৃহস্পতিবার বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভা চত্বরে সিটি করপোরেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

বগুড়া সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। বর্তমান পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা যুক্ত হয়েছে এ সিটির সীমানায়।

এলাকাগুলোর মধ্যে রয়েছে ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সূত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতীনগর, লতিফপুর, ফুলদিঘী ও বেতগাড়ী।

এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি এবং স্থানীয় বাসিন্দাদের মতামত নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল সরকার। পরে স্থানীয়দের মতামত ও প্রশাসনের প্রতিবেদন পর্যালোচনা করে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বগুড়া পৌরসভা হয়েছিল ১৮৭৬ সালে। এরপর থেকে ১২টি ওয়ার্ড নিয়ে কার্যক্রম চলছিল। ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সিটি করপোরেশন করার লক্ষে বগুড়া পৌরসভাকে ২১টি ওয়ার্ডে উন্নীত করা হয়।