১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ

গাছের সঙ্গে থাকা স্মৃতিফলকের কিউআর কোড স্ক্যান করলেই নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 02:53 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

‘এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে নওগাঁয় জুলাই অভ্যুত্থানের ৯জন শহীদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় জেলা প্রশাসক আউয়াল বলেন, জুলাই অভ্যুত্থানে নওগাঁয় ৯ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। 

তিনি বলেন, “প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।”

তিনি আরও বলেন, “এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে অভ্যুত্থানের বার্তা পৌঁছে দিবে।”

শহীদ বিপ্লব মণ্ডলের বাবা লুৎফর রহমান ছেলের নামে বৃক্ষরোপণ ও স্মৃতি ফলক স্থাপনের পর বলেন, “এই কাজে মনে শান্তি পেলাম।”

এছাড়া বিপ্লবের নামে বৃক্ষরোপণের স্থানটিকে ‘বিপ্লব চত্বর’ হিসেবে অবিলম্বে ঘোষণা দেওয়ার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্রনেতা ফজলে রাব্বি। 

বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জুলাই অভ্যুত্থানে শহীদ মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরমান হোসেন, তানজিম বিন বারী।