শেরপুরে জমা দিতে না পেরে কান্না করা সেই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
হাইকোর্টের নির্দেশে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে দিন জমা দিতে না পেরে কান্না করা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির সেই প্রার্থী অবশেষে মনোনয়নপত্র দাখিল করলেন।
হাইকোর্টের নির্দেশে বুধবার শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী আব্দুল্লাহ বাদশা।
গত ২৯ ডিসেম্বর পাঁচ মিনিট দেরি করে যাওয়ার কারণে আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র জমা নেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।
মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কাঁদতে শুরু করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা হাইকোর্টে রিট আবেদন করেন।
সোমবার হাইকোর্ট মনোনয়নপত্র জমা নেওয়ার বিষয়ে আদেশ দিলে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন আব্দুল্লাহ বাদশা।
আব্দুল্লাহ বাদশা মোবাইল ফোনে বলেন, “হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছি। দু-একদিনের মধ্যে মনোনয়ন বৈধতা বিষয়ে ফলাফল পেয়ে যাব। নতুন কোনো সমস্যা না হলে শেরপুর-২ আসনে ঈগল প্রতীকে নির্বাচন করব ইনশাআল্লাহ।”
