১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাজাহান খানের বাসভবনের দরজায় মেয়ের সম্পদ দাখিলের নোটিশ

“বাড়িতে তাদের কাউকে না পেয়ে, নোটিশটি তাদের বাসভবনের দরজায় টাঙিয়ে দিয়ে গেলাম।”

শাজাহান খানের বাসভবনের দরজায় মেয়ের সম্পদ দাখিলের নোটিশ
সাবেক মন্ত্রী শাজাহান খানের বাসভবনের দরজায় নোটিশ লাগিয়ে দিয়েছে দুদক।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 06:55 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী দাখিলের আদেশের নোটিশ বাসভবনের দরজায় লাগিয়ে দিয়েছে দুদক।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের (প্রধান সড়ক) হরিকুমারিয়া এলাকার শাজাহান খানের বাসভবনে কাউকে না পেয়ে দরজায় নোটিশটি টানানো হয়।

নোটিশে বলা হয়েছে, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান, তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী নোটিশ দাখিলের ২১ কার্যদিবসের মধ্যে দুদকের অনুসন্ধান ও তদন্ত-২ বিভাগের পরিচালকের কাছে দাখিল করতে হবে। 

মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, “আমরা তাদের সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ দিতে এসেছিলাম। কিন্তু বাড়িতে তাদের কাউকে না পেয়ে, নোটিশটি তাদের বাসভবনের দরজায় টাঙিয়ে দিয়ে গেলাম।” 

এ সময় দুদকের ঢাকার প্রধান কার্যালয়, মাদারীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।