১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাবনায় আটক যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিক্ষোভ

পুলিশের সঙ্গে আলোচনার পর তাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 08:02 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক যুবলীগ নেতাকে আটক করাকে কেন্দ্র করে থানায় বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী।

পরে পুলিশের সঙ্গে আলোচনার পর তাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার রাতে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে থানার ওসি সাকিউল আজম।

আটক রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি এবং দিনমজুরের কাজ করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম তাকে নাশকতা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাটুলীপাড়া এলাকা থেকে থানায় নিয়ে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর তিন থেকে চারশ গ্রামবাসী থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থানা চত্বর থেকে সরিয়ে দেয়।

স্থানীয়দের দাবি, টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পাটুলীপাড়া গ্রামের একটি খাসজমি ও বাজারকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে ইউনুস সরকার নামে এক ব্যক্তির বিরোধ চলছে। 

তাদের অভিযোগ, ওই ব্যক্তি সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করেছিলেন, পরে গ্রামবাসী তা ভেঙে সেখানে বাজার ও অটোরিকশা স্ট্যান্ড চালু করেন। ইউনুস সরকারের অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয় বলেও দাবি করেন গ্রামবাসী।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে থানায় গ্রামবাসীর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে পুলিশ। আলোচনার পর রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে প্রতিনিধিদল তাকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে যান।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম বলেন, “নাশকতা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্থানীয়দের অনুরোধে তাকে গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”