১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

দুই দিন আগে রাতে গৌরীপুর উপজেলায় মুঘল আমলের শাহজাহান উদ্দিন (র.) আউলিয়া মাজারে হামলার ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 10:26 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একটি মাজারে ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপ করায় ঘটনায় মামলা হয়েছে।

শনিবার দুপুরে মাজারের খাদেম মো. সাইদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করেন বলে জানান গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান।

এর আগে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে মুঘল আমলের শাহজাহান উদ্দিন (র.) আউলিয়া মাজার ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, “ভাঙচুরের খবর পেয়ে গিয়ে দেখি, মাজারের প্রধান অংশের দেওয়াল ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। রাতের কোনো এক সময় কারা এ কাণ্ড করেছে তা বলা যাচ্ছে না।”

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, “আমি প্রায় ৪০ বছর ধরে এ মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে জানতে পেরেছি, মুঘল সম্রাটের আমলে এ মাজার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর হাজার হাজার ভক্তকুল এখানে আসেন। এ ঘটনায় মামলা করেছি। দোষীদের বিচার দাবি করছি।”

তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা বলেছেন ওসি কামরুল হাসান।

এবার ময়মনসিংহে মাজারে ভাঙচুরমল-মূত্র নিক্ষেপ