১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে পুকুরে ‘বিষ দিয়ে ২০ লাখ টাকার’ মাছ নিধন

পুকুরের পানি সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে; পরীক্ষা শেষে মাছগুলো মরার সঠিক কারণ বলা যাবে বলে জানান মৎস্য কর্মকর্তা।

নরসিংদীতে পুকুরে ‘বিষ দিয়ে ২০ লাখ টাকার’ মাছ নিধন

নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে পুকুরে ভেসে উঠেছে মরা মাছ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 04:01 PM

Updated : 14 Jul 2023, 04:01 PM

নরসিংদীর পলাশ উপজেলায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় বিশ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।

ভুক্তভোগী কিরন আলী প্রধান ওই গ্রামের শাহজাহান প্রধানের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কিরন আলী দীর্ঘদিন ধরে কয়েকটি পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার পুকুরে মাছের খাবার দিয়ে রাতে বাড়ি ফিরেন তিনি। শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখেন কই মাছ চাষ করা একটি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।

মালিক কিরন বলেন, “অন্যান্য পুকুরের সব মাছ ঠিকঠাক থাকলেও কই মাছ চাষ করা ৭০ শতাংশের পুকুরটির প্রায় দশ টন মাছ মরে ভেসে উঠেছে। কয়েকদিন আগে ১৭০ টাকা কেজি ধরে মাছগুলো বিক্রি করে দিয়েছিলাম।

“শুক্রবার মাছগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। নিঃস্ব হয়ে গেলাম। এখন পাওনা পরিশোধ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছি।”

যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার দাবি করেন এ ইউপি সদস্য।

খবর পেয়ে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল আলম পুকুর পরিদর্শনে যান। তিনি বলেন, পুকুরের পানি সংগ্রহ করা হয়েছে। তা ঢাকায় পাঠানো হবে। পরীক্ষা শেষে বলা যাবে কী কারণে মাছগুলো মারা গেছে।

তবে পুকুর মালিক বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ করছেন বলে তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শন করে ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, মৎস্য অধিদপ্তর থেকে পরীক্ষা-নিরীক্ষা করে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেলে ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।