১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পানি থেকে বাঁচতে নানাবাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

“একজন প্রাণ হারায় অন্যজন চিকিৎসায় প্রাণ ফিরে পায়।”

পানি থেকে বাঁচতে নানাবাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

জলাবদ্ধতার কারণে পানির ভয়ে দুই বোন মায়ের সঙ্গে গিয়েছিল নানাবাড়িতে, সেই পানিতে ডুবেই প্রাণ গেল একজনের।

সদর উপজেলার ঝিটকি এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা থানার ওসি শামীনুল ইসলাম জানান।

মৃত খাদিজা সদর উপজেলার ধুলিহরের গোবিন্দপুর গ্রামের চা দোকানি মমিনুর রহমান মহিন গাজীর ছোট মেয়ে।

খাদিজার মা রেবেকা খাতুন বলেন, “খাদিজা ও বোন আয়শা মঙ্গলবার দুপুরে নানার বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে খাদিজা পাশের পুকুরে পড়ে যায়। খাদিজাকে পানিতে ভাসতে দেখে আয়শা তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়।

“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে পারলেও ঘটনাস্থলেই খাদিজার মৃত্যু হয়।

পরে আয়েশাকে উদ্ধার কর চিকিৎসা দেওয়া হলে তার জ্ঞান ফেরে।”

ঝিটকি এলাকায় স্থানীয় সংবাদকর্মী মেহেদী হাসান শিমুল বলেন, “জলাবদ্ধতার ভয়ে এলাকা ছেড়ে আয়েশা-খাদিজারা নানাবাড়িতে গিয়েও উঠল। সেখানে সেই পানিতে ডুবেই খাদিজার জীবন গেল।

“এর থেকে বড় হৃদয় বিদারক বিষয় হল, খাদিজার দাফন করার মতো জায়গা না থাকায় বাড়ি থেকে বেশ দূরে গোবিন্দপুর গ্রামের এক উঁচু মাটির জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে।”

খাদিজার পরিবারের বরাতে ওসি শামীনুল ইসলাম বলেন, “সাতক্ষীরার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ঝিটকিতে নানাবাড়িতে খেলতে গিয়ে দুই বোন পানিতে পড়ে যায়।

একজন প্রাণ হারায় অন্যজন চিকিৎসায় প্রাণ ফিরে পায়।”

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।