১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি: হাদির বোন মাসুমা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনে একথা বলেন তিনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 07:50 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমান হাদির বোন মাসুমা হাদি।

তিনি বলেন, “আমরা কাঁদতে দাঁড়াইনি। কাঁদতে আসিনি। বিচারের দাবি নিয়ে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ ও বক্তব্য দেন।

যে হাদি ৫৬ হাজার বর্গমাইল হেঁটে ইনসাফের জাল বুনতে চেয়েছিল, তার ইনসাফ কোথায় বলে প্রশ্ন তোলেন মাসুমা হাদি।

তিনি বলেন, “ফয়সাল প্রধান আসামি হয় কীভাবে? ফয়সাল তো টাকার বিনিময়ে খুন করেছে। তাকে সবকিছুর নিশ্চয়তা দিয়েই পাঠানো হয়েছিল। জাতির সামনে বলতে হবে, এটা করল কারা।” 

ওসমান হাদি হত্যার বিচার নিয়ে রাষ্ট্রের কোনও মাথা ব্যথা নেই অভিযোগ করে মাসুমা হাদি বলেন, “সংসদে দুই একজন ছাড়া কেউ হাদিকে নিয়ে কথা বলেন না। ১৬ কোটি মানুষ হাদি হত্যার বিচার চায়। যতদিন বিচার না হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকব।”

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র জহিরুল ইসলাম বলেন, “এই সরকার হাদি হত্যার বিচার চায় না! যদি চাইত তাহলে এতবার তদন্ত পেছাত না। তাছাড়া বিচার নিয়ে সরকারের আন্তরিকতা নেই।”

আরেক শিক্ষার্থী মুরসালিন কামাল বলেন, “অনতিবিলম্বে হাদি ভাইকে হত্যার বিচার দাবি করছি, নতুবা বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।”

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।