Published : 29 May 2026, 09:47 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঝড়ে তাল গাছ ভেঙে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান।
নিহত শারমিন (৯) ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।

এ ছাড়া ঝড়ে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, বাড়ির পাশে খেলা করছিল শারমিন। এ সময় ঝড়ে একটি তাল গাছ ভেঙে তার ওপর পড়ে। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সন্ধ্যায় হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।
ঝড়ে শ্যামনগরের উপকূলীয় গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরা এলাকায় কয়েকটি পরিবারের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ঝড়ে আশরাফুলের বসতঘরের চালের ছয় থেকে সাতটি টিন উড়ে গেছে। একই এলাকায় মোকছেদ গাজীর টিনের ঘরের এক পাশের চাল সম্পূর্ণ উড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আশরাফুল বলেন, “ঝড় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘরের টিন উড়ে যায়। এখন পরিবার নিয়ে খুব কষ্টে থাকতে হবে। নিজের টাকায় ঘর মেরামত করার সামর্থ্য নেই।”
মোকছেদ গাজী বলেন, “ঘরের চাল ভেঙে গেছে। সামনে বৃষ্টি হলে থাকার মত অবস্থা থাকবে না। দ্রুত সহায়তা দরকার।”
এদিকে ঝড়ে কলারোয়া, আশাশুনি ও তালা উপজেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে ঝরে পড়েছে প্রচুর আম।
পাশাপাশি কৃষি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম।