১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ডোবায় চাচা-ভাতিজার লাশ: গ্রেপ্তার ৩

বৃহস্পতিবার বৈকন্ঠপুর বেইলি ব্রিজের নিচে একটি ডোবার কচুরিপানার মধ্যে থেকে রিয়াজ ও হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 01:34 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ডোবার কচুরিপানা থেকে লাশ উদ্ধার হওয়া চাচা-ভাতিজাকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সকালে উপজেলার বৈকন্ঠপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। 

গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (২৫), একই গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাক সেখের ছেলে ফেরদৌস সেখ (১৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাতে তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

এরপর রাতেই সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান। 

বৃহস্পতিবার বিকালে বৈকন্ঠপুর বেইলি ব্রিজের নিচে একটি ডোবার কচুরিপানার মধ্যে থেকে রিয়াজ উদ্দিন সেখ (২১) ও হৃদয় সেখের (১৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। 

রিয়াজ বৈকন্ঠপুর গ্রামের বদিউজ্জামানের সেখের ছেলে এবং হৃদয় একই গ্রামের তোতা সেখের ছেলে। সর্ম্পকে চাচা-ভাতিজা এ দুই নির্মাণ শ্রমিক চারদিন ধরে নিখোঁজ ছিলেন।  

পরে রিয়াজ উদ্দিনের বড় ভাই আল আমিন সেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুরানো খবর

সিরাজগঞ্জে নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল ২ শ্রমিকের লাশ