Published : 06 Dec 2025, 05:47 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। গত এক মাসে জব্দ করা হয়েছে ১৯টি ড্রেজার মেশিন।
উপজেলার মাঝবাড়ি, লখন্ডা, কালিগঞ্জ, ডুমরিয়া, উনশিয়া, বর্ষাপাড়া ও বানিয়ারী এলাকায় পৃথক অভিযানে এসব ড্রেজার মেশিন জব্দ করা হয় বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
একই সঙ্গে গত এক মাসে বালু উত্তোলনে ব্যবহৃত ২ হাজার ফুট পাইপও ধ্বংস করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিল থেকে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউএনও সাগুফতা হক ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ মাঠে নামেন। তাদের পরিচালিত এসব অভিযানে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।
কুশলা গ্রামের সোহাগ শেখ বলেন, ইউএনও সাগুফতা হক যোগদানের পর খাল ও বিল রক্ষা কর্মসূচী নতুন গতি পেয়েছে। আগে কিছু অসাধু ব্যক্তি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করত। এখন প্রশাসনের কঠোর নজরদারির কারণে কেউ আর এ কাজ করতে সাহস পাচ্ছে না।
কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, ইউএনওর নির্দেশনায় অবৈধ বালু উত্তোলন রোধে এসিল্যান্ড মাসুম বিল্লাহর কর্মকাণ্ডও প্রশংসনীয়। হঠাৎ অভিযানের ফলে বালু উত্তোলনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সাগুফতা হক বলেন, “খাল-বিলের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে কোনোভাবেই শিথিলতা দেখানো হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কোটালীপাড়া উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”